মাওলানা আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী সাহেবের ইন্তেকাল
গতকাল রাতে মাওলানা আবু সাঈদ মুহাম্মদ ওমর আলী সাহেব ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ইসলামিক ফাউন্ডেশের বড় অর্জন ইসলামী বিশ্বকোষ মারহুমের সরাসরি তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে। উপমহাদেশের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ মাওলানা আবুল হাসান আলী নাদভী রা. এর তিনি ছিলেন পরম ভক্ত। আমার কাছে মারহুমের সর্বোচ্চ অর্জন হলো, অমুসলিমদের মাঝে ইসলামপ্রচারের কার্যক্রমকে, বাংলাদেশের পরিমণ্ডলে, বহুগুণে এগিয়ে দেয়া। বিষয়টিকে তিনি এতই গুরুত্ব দিতেন যে কয়েকদিন আগেও ময়মনসিংহের দায়ী প্রশিক্ষন কোর্সে অসুস্থ শরীর নিয়েই অংশগ্রহণ করেছিলেন ।
তিনি চলে গিয়ে আমাদের মাথায় বিশাল এক দায়িত্ব চাপিয়ে দিলেন।
মারহুমকে আমি প্রথম দেখেছিলাম ময়মনসিংহের জামিয়া ইসলামিয়ায়। আবুল হাসান আলী নাদভী রা. এর সফর সঙ্গী হিসেবে গিয়েছেলেন। তিনিই সর্বপ্রথম নাদভী রা. গ্রন্তগুলো বাংলা ভাষায় অনুবাদ শুরু করেন। নাদভী রা. এর নবীয়ে রাহমত অনুবাদ করে তিনি প্রবল মানসিক প্রশান্তি অনুভব করেছিলেন।
ওমর আলী সাহেবের লেখালেখি সম্পর্কে আমি বেশি কিছু বলতে পারব না। কেননা আমার সাথে তাঁর সম্পর্কটা ছিল দাওয়াকেন্দ্রিক। আমার বিবেচনায় মারহুমের দাওয়া-মিশনকে এগিয়ে নেয়ার জন্য নানা মুখী কার্যক্রম হাতে নেয়া উচিত। একটা স্মারক গ্রন্থ বের করার উদ্যোগ নিলে ভালো হয়।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্যধারণের তাওফীক দান করুন। আমীন।